ময়মনসিংহ ও টাঙ্গাইলে অভিযানে তিন লক্ষাধিক নকল বিড়ি জব্দ

ময়মনসিংহ ও টাঙ্গাইলে অভিযানে তিন লক্ষাধিক নকল বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন বাজারে পৃথক পৃথক অভিযানে তিন লক্ষাধিক নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার ফুলবাড়ীয়া থানা পুলিশ ও এবং টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন। এসময় তিন লক্ষাধিক নকল বিড়ি জব্দ করা হয়।

ফুলবাড়ীয়া থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ এড়িয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বাজারজাত করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানার সাব-ইন্সপেক্টর এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজার, আছিম বাজার, মহেষপুর বাজার, ভালোকজান বাজার ওফায়ার সার্ভিস বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ টি দোকানে অভিযান চালিয়ে ছাপান্ন হাজার (৫৬,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত মিষ্টি বিড়ি,মিরাজ বিড়ি ও সিয়াম বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত নকল বিড়ি জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানকালে ব্যবসায়ীরা কমদামী ও নকল বিড়ি বিক্রি করবেন না বলে প্রশাসনের নিকট প্রতিশ্রুতিবদ্ব হন।

ফুলবাড়ীয়া থানার সাব-ইন্সপেক্টর এমদাদুল হক জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। রাজস্ব ফাঁকি দিয়ে কেউ নকল বিড়ি অথবা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়,সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বাজারজাত ও বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা তোফা‌য়েল হোসেনের নেতৃত্বে একটি দল সখিপুর উপজেলার কচুয়া বাজার,বড় চাওনা বাজার, কুতুবপুর বাজার ও সাগর‌দিঘী বাজারে অভিযান চালায়। এসময় বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এক লক্ষ বার হাজার (১,১২,০০০) শলাকা জাল ব্যন্ডরোল যুক্ত ‌মি‌ষ্টি বি‌ড়ি, আটাত্তর হাজার (৭৮,০০০) সিয়াম বি‌ড়ি এবং আটানব্বই হাজার (৯৮,০০০) শলাকা মিরাজ বিড়ি জব্দ করা হয়। অভিযানকালে সর্বমোট দুই লক্ষ আটাশি হাজার (২,৮৮,০০০) শলাকা নকল বিড়ি জব্দ করা হয়েছে। এসময় ব্যবসায়ীরা কমদামী ও নকল বিড়ি বিক্রি করবেন না বলে প্রশাসনের নিকট প্রতিশ্রুতিবদ্ব হন। একইসাথে বাজার ক‌মি‌টির সভাপ‌তিকে বাজারে কমদামী বি‌ড়ি বিক্রি বন্ধ করতে সতর্ক করা হয়।

টাঙ্গাইল কাস্টমস কর্মকর্তা তোফা‌য়েল হোসেন জানান, রাজস্ব ফাঁকি দিয়ে কোন ব্যবসায়ী নকল বিড়ি অথবা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।