রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৯১ গ্রাম হেরোইন, ১৩৩ বোতল ফেনসিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৫৭৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।