মনোনয়নপত্র অনলাইনে জমা নেয়ার পরিকল্পনা ইসির

মনোনয়নপত্র অনলাইনে জমা নেয়ার পরিকল্পনা ইসির

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র অনলাইনে জমা নেয়ার বিধান করার পরিকল্পনা করছে। এটি ইসির পরবর্তী সভায় আলোচনা করা হবে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল দেশ। স্কুল-কলেজের সবকিছু এখন অনলাইনে সাবমিশন হচ্ছে। এতে অনেক সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। এর ফলে অনলাইনের পাশাপাশি স্বশরীরেও মনোনয়নপত্র সাবমিশন করা যাবে।

আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা যায় কিনা তা নিয়ে আলোচনা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, সভায় সিদ্ধান্ত হলে এটি বাস্তবায়ন করব। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। এরপর চ্যালেঞ্জের বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা মনে করি, সুন্দর জিনিস হলে সবাই গ্রহণ করবেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, দ্বায়ত্ব নেওয়ার পর থেকে আমার ইতোমধ্যে ৫ শতাধিক নির্বাচন ইভিএমে করেছি। তখন কোনো সমস্যা হয়নি। আমরা এখন পর্যন্ত ইভিএমে ভোটের ব্যাপারে অনড়।