ঢাকায় বৃষ্টি হতে পারে আজ
ফাইল ছবি
ঢাকা আজ শুক্রবার হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। ইতোমধ্যে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস রোববার পর্যন্ত চলতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। ফলে ২ এপ্রিল থেকে যে দাবদাহ বইছিল, তা চলে যেতে পারে। তবে শুক্রবার খুলনা, বরিশাল, ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি স্থানে দাবদাহ থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বৃষ্টি ও মেঘ বেড়ে যাওয়ায় তাপমাত্রা এরই মধ্যে কমতে শুরু করেছে। শুক্রবার থেকে তাপমাত্রা আরো কমে শনিবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি নামতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে এদিন তীব্র দাবদাহ বয়ে গেছে। আর দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে গেছে। শুক্রবারও মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যেতে পারে।