সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ফাইল ছবি

সিরাজগঞ্জে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উল্লাপাড়াতে লাইনচ্যুত মালবাহী ট্রেনের দুটি বগির উদ্ধার কাজ শেষে রাত পৌনে ৯টার দিকে ঢাকার সাথে উত্তর-দক্ষিণ অঞ্চলের রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচলের জন্য রেল লাইন ক্লিয়ার করা হয়। এতে আটকে পড়া যাত্রীদের স্বস্তি ফিরেছে। এর আগে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ঢাকার সাথে উত্তর-দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার জানান, উল্লাপাড়াতে লাইনচ্যুতের ঘটনার খবর পেয়ে পাকশী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রিলিফ ট্রেন বিকেলে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। সিগনালসহ অন্য মেরামত কাজ শেষে রাত পৌনে ৯টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

উল্লাপাড়ার স্টেশন মাস্টার গোলাম ফেরদৌস জানান, ভারত থেকে ভুট্টা বহনকারী পণ্যবাহী ট্রেন উল্লাপাড়ায় আসার পর আংশিক খালাস করা হয়। শুক্রবার দুপুর ২টার দিকে সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় স্টেশনের পশ্চিমে তিন নম্বর লাইনের ওপর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় উল্লাপাড়ার পশ্চিমে শরৎনগর স্টেশনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, ঈশ্বরদীতে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুর স্টেশন এবং পূর্বদিকে জামতৈল স্টেশনে ঢাকা থেকে দিনাজপুরগামী একতাএক্সপ্রেসসহ উভয়দিকে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে শত শত যাত্রী বিড়ম্বনায় পড়েন