চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
প্রতীকী ছবি।
চুয়াডাঙ্গা সদরে ট্রেনের ধাক্কায় কাবরান আলী (৪০) নামে এক ভ্যানচালক মারা গেছেন।
শনিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রাম সংলগ্ন রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কাবরান আলী আমিরপুর গ্রামের মরহুম ওহিদ আলীর ছেলে।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে বাড়ির সামনে রেললাইনের উপর তিনি বসে ছিলেন। এ সময় রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে কিছু দূর নিয়ে যায়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।