বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার দেখাল ডিবি
বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার দেখাল ডিবি
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে অবশেষে গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির কোনো অনুমতি ছিল না। ওইদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তারা অবৈধ সমাবেশ করেছিলেন। সেখানে পুলিশ বাধা দিলে হামলা করেন বিএনপি নেতারা। এছাড়া কয়েকটি বাসেও আগুন দেন তারা। এসব ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার এক নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সে কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেফতার করেছে।
এর আগে সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তিনি জানিয়েছিলেন, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে গেছেন।রবিন জানান, গত শনিবার ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের বিভিন্ন মামলায় আগাম জামিন নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা।