শেরপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন একটি অটো রাইস মিলের ডায়ারের নিচ থেকে লিটন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ডাস্ট্রি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিটন দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকার বাসিন্দা। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ শ্রমিককে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজের অটো রাইস মিলের পাশে নতুন পাঁচটি ডায়ার স্থাপনের কাজ শুরু হয়। সেই নির্মাণ কাজ করছিলেন দিনাজপুর জেলার একদল শ্রমিক।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজ শেষে শ্রমিকেরা ভাড়া বাসায় চলে যান। কিন্তু রাকিব ও লিটন নামের দুই শ্রমিক মিলেই থেকে যান। রাত ১০টার দিকে রাকিব ঘরে ফিরলেও কাজের কথা বলে মিলে একা থেকে যায় লিটন।
সকাল পর্যন্ত ঘরে না ফেরায় সহকর্মীরা লিটনকে খুঁজতে গিয়ে ডায়ারের নিচে তার মরদেহ দেখতে পান। পরে মিল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।