নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামের ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮ নং গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মানসিক রোগের কারণে দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভূমিপল্লি এলাকার ইসমাইল করিম এর মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।