অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ছবি: নিউজজোন বিডি

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে রেললাইনের অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদুর রহমান (৪৫) মিরপুর থানার উপপরিদর্শক (এসআই)। তিনি স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পে ইনচার্জের দায়িত্বে ছিলেন। নিহত পুলিশ কর্মকর্তা  নড়াইল জেলায়  মৃত আবুল হোসেন ভুঁইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ডিউটি শেষ করে সহিদুর রহমান পুলিশ সদস্য শরীফুলকে নিয়ে মোটরসাইকেলযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাঁর কর্মস্থল মাজিহাট ক্যাম্পে ফিরছিলেন। কাটদহচর রেলক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

মোস্তফা হাবিবুল্লাহ আরও বলেন, ‘ঘটনার সময় সঙ্গে থাকা পুলিশ সদস্য মোটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও তিনি গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ সহিদুর রহমান চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হালসা এলাকায় গিয়ে ট্রেনটি থামে। কাটদহচর রেলক্রসিংটি অরক্ষিত। এর আগেও ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ মৃধা জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সঙ্গে থাকা আহত পুলিশ সদস্য শঙ্কামুক্ত। লেভেল ক্রসিংটি অরক্ষিত স্বীকার করে তিনি বলেন, এই রেলক্রসিংটা সব সময় ফাঁকা থাকে। গেটম্যান বা ব্যারিকেড না থাকায় পারাপার হওয়া খুবই বিপজ্জনক।