নেত্রকোনায় ইমামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা
মাওলানা মুফতি আব্দুল বাতেন
নেত্রকোনার কলমাকান্দায় মসজিদের শয়নকক্ষে ইমাম মাওলানা মুফতি আব্দুল বাতেনকে (৬০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ জুন) সকালে নিহত আব্দুল বাতেনের বড় ছেলে বদিউজ্জামান বদি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত আব্দুল বাতেন উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্যাসীপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় রংছাতি দাখিল মাদরাসার সহ-সুপার এবং একই ইউনিয়নের বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের শয়নকক্ষে আব্দুল বাতেনকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আব্দুল বাতেন মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি একই ইউনিয়নের মসজিদে ইমামতি করতেন। থাকতেন মসজিদের বারান্দায় করা একটি কক্ষে। গত রোববার গভীর রাতে তাকে সেখানেই ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তিনি কোনো রকমে বের হয়ে একটি বাড়ির সামনে গিয়ে চিৎকার করলে বাসিন্দারা বেরিয়ে আসেন। তাকে উদ্ধার করে ভোর সোয়া ৪টার দিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। তবে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সোমবার সকালে সেখানে নেওয়ার পরপরই আব্দুল বাতেনের মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের বড় ছেলে বদিউজ্জামান বদি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত করেছে। অচিরেই এ হত্যার রহস্য উদঘাটন করা হবে।
এ বিষয়ে নিহত মাওলানা আব্দুল বাতেনের ছেলে বদিউজ্জামান বদি বলেন, ময়মনসিংহ থেকে ময়নাতদন্ত শেষে বাবার লাশ বাড়িতে নিয়ে আসতে দেরি হওয়ার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। তবে পুলিশ আন্তরিকতার সঙ্গে বাবার হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।