সুনামগঞ্জে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

প্রতিকী ছবি

সুনামগঞ্জর তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পার্শ্ববর্তী হোসনারঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমরান মিয়া (২২) হোসনারঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে।হত্যার অভিযোগে উপজেলার একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের একটি কক্ষে মুদি দোকান দিতেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন ধরে তার দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য ক্রয় করে বকেয়া পরিশোধে গড়িমসি করছিলেন।

এমন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে আবারো বাকিতে সিগারেট কিনতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে দোকানি এমরানকে দোকানের ভেতরই কোপাতে থাকেন লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় বাদাঘাট ফাঁড়ির পুলিশ লিটনকে আটক করে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ হত্যাকাণ্ডের বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।