ভারত থেকে ভেসে এলো শিশুর মরদেহ
ছবি:সংগৃহীত
যমুনা নদী দিয়ে বাংলাদেশ সীমানায় এক ভারতীয় শিশুর (১০) মরদেহ ভেসে এসেছে। পরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে মরদেহ হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (নীলফামারী বিজিবি-৫৬) সদস্যরা।
মঙ্গলবার (২ জুলাই) রাতে পতাকা বৈঠক শেষে মরদেহটি ফেরত দেওয়া হয়। এর আগে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে মরদেহটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, মরদেহটি ভারত থেকে ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আমাদের ও বিজিবিকে খবর দেয়।
এদিকে, নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ওই কিশোরের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।