চকরিয়ায় মালামালসহ চোর পাকড়াও, পুলিশে সোপর্দ
প্রতীকী ছবি
কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে চুরি করতে গিয়ে মালামালসহ এক চোরকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকায় মো. আমিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। আটক চোর মো. খোকন (২২) ওই ইউনিয়নের চাঁদের বাপের পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।
বাড়ির মালিক মো. আমিন বলেন, গভীর রাতে ভুলে দোতালার দরজা বন্ধ না করায় পূর্ব থেকে ওৎপেতে থাকা চোরের দল ঘরে প্রবেশ করে মালামাল বের করে নিচে নামিয়ে ফেলে। পরে রাতেই আবারও ঘুম থেকে উঠলে ঘরের ভেতর চোর দেখি। তাড়া দিলে সে দ্রুত নিচে নেমে পড়ে। এসময় শোর চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে চোর মো. খোকনকে পাকড়াও করে। পরে থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। চোরের দল ৪-৫ জনের হতে পারে। চুরির মালামাল নিচে নামালেও নিয়ে যেতে পারেনি।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে এক চোরকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সম্পৃক্তদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় থানায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।