ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
সংগৃহীত
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা সদরের পৌরসভার ১২টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, যুবদলের সভাপতি শামীম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাউদ্দিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাসির স্মৃতি প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা এখন দেশের ভেতরে রাতের আঁধারে বোমা ও ককটেল ফাটানোর মাধ্যমে নৈরাজ্য ও সহিংসতা তৈরি করার চেষ্টা করছে। তারা যেন জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।