ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষা প্রতিষ্ঠান

ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষা প্রতিষ্ঠান

সংগৃহীত

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা এ স্লোগানকে সামনে রেখে ক্লিন সানডে কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষায়তনগুলোর প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্নতা কেবল একটি অভ্যাস নয়, এটি আমাদের পবিত্র দায়িত্ব। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা স্লোগান নিয়ে ময়মনসিংহের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গণে কাজ চলছে।’

এসময় সমগ্র ময়মনসিংহবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে টেকসই পরিবেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার অনুরোধ জানান তিনি।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-মহানগরীর কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, মুক্তাগাছার নবারুণ বিদ্যানিকেতন, ফুলবাড়ীয়ার খাদেমুল ইসলাম কামিল মাদ্রাসা, ভালুকার এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার, ত্রিশালের আমিরাবাড়ী গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয়, ফুলপুরের ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, তারাকান্দার হাজী হেলাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাটের সানফ্লাওয়ার মডেল স্কুল, ধোবাউড়ার বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের পাছার উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা প্রাথমিক বিদ্যালয়, গফরগাঁওয়ের ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় ও নান্দাইলের ঘোষপালা ফাযিল মাদ্রাসা।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় ও সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন বছরজুড়ে ক্লিন সানডে কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে ময়মনসিংহের ১৪টি উপজেলার প্রতিটির একটি করে সেরা পরিচ্ছন্ন বিদ্যাপীঠ নির্বাচন করা হয় এবং তাদের এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।