“হযরত আবদুল কাদের জিলানী (রহ.) ছিলেন ইসলামের অন্যতম ধর্মীয় ব্যক্তিত্ব”

“হযরত আবদুল কাদের জিলানী (রহ.) ছিলেন ইসলামের অন্যতম ধর্মীয় ব্যক্তিত্ব”

ছবিঃ সংগৃহিত।

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৪৮ হিজরী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মুফতী মাওলানা মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। আলোচনায় বক্তারা হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর বর্ণাঢ্য জীবন, কর্ম, ইসলামের প্রচার- প্রসারে তাঁর অবদান এবং তাঁর আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, হযরত আবদুল কাদের জিলানী (রহ.) ছিলেন ইসলামের অন্যতম বিশিষ্ট সাধক ও ধর্মীয় ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে সততা, তাকওয়া, মানবসেবা, ন্যায়পরায়ণতা ও আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করা যায়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শান্তি,সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দারুল আরকামম শিক্ষক কল্যাণ সমিতি ঃ এদিকে, বাংলাদেশ দারুল আরকামম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস এর সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি আজাহারুল ইসলাম, মুফতি শরীফ উল্লাহ, ইফা সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও পরিচালক মো.মহিউদ্দিন। দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন মতবিনিময় সভা সফল করার আহবানজানিয়েছেন।