চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
সংগৃহীত ছবি
রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আলিফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারে এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
হাসপাতালে মৃত আলিফের বড় ভাই মো. শাওন আহমেদ বলেন, চকবাজার পূর্ব ইসলামবাগ বউবাজারে তাদের বাসা। বাবার নাম মো. কবির হোসেন।
আলিফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
তিনি আরো বলেন, দুপুরে আলিফ বাসার সাততলার ছাদে খেলা করার সময় অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিষয়টি চকবাজার থানা পুলিশ তদন্ত করছে।