আর্থিক চাপে আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
ফাইল ছবি
তীব্র আর্থিক চাপের মুখে ব্যয় কমাতে আরও কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চলতি অর্থবছরের শেষ নাগাদ কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী চাকরি হারাতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দিচ্ছে বিবিসি। এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।
এসব পদ বিলুপ্তির মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি।
তীব্র আর্থিক চাপের মধ্যে ইতোমধ্যে বেশ কিছু টেলিভিশন শো বন্ধ করা এবং উন্নয়নভিত্তিক ব্যয় সীমিত করার মতো সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কমানোর প্রস্তাব তৈরি করেছেন।
এরইমধ্যে ফিলিপস কর্মীদের সতর্ক করেছেন, চলতি অর্থবছরের শেষের মধ্যেই কেবল কনটেন্ট বিভাগ থেকে প্রায় শতাধিক কর্মী বাদ পড়তে পারেন।
আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় বা ‘এফিসিয়েন্সি সেভিংস’ অর্জনের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠানজুড়ে প্রায় ২ হাজার পদ বিলুপ্তির যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।
গত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসিতে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ। সামগ্রিক এই ছাঁটাইয়ের মধ্যে বিবিসি নিউজসহ টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকে ৫৫০টি পদ কমবে। বিবিসির ডিজি ম্যাট ব্রিটিনের প্রত্যাশা অনুযায়ী, সামগ্রিক ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে।
গত জুন মাসে কর্মীদের পাঠানো এক ই-মেইলে ব্রিটিন লেখেন, অর্থ সাশ্রয়ে কঠিন সব সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কাজ করা প্রয়োজন, যা এক দিনে বা একবারে হওয়া সম্ভব নয়। কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই তা আপনাদের জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে।
বিবিসিকে আরও সহজ ও দ্রুতগতিসম্পন্ন করতে শীর্ষ নেতৃত্ব বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদগুলোর কমপক্ষে ১০ শতাংশ কমিয়ে আনার কথাও বলেন ব্রিটিন। এ বিষয়ে আগামী মাসগুলোতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।