জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে মাদক কারবারি আটক

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে মাদক কারবারি আটক

প্রতিকি ছবি

 

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে বিজিবি। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মো. সালাম (২৬)। শুক্রবার উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৫ সেপ্টেম্বর সকালে নিয়মিত টহল পরিচালনাকালীন সময়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা নামক স্থান দিয়ে জেলের ছদ্মবেশে মায়ানমার দিক থেকে ১ জন ব্যক্তিকে বালতি হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়।

বিজিবি’র টহল দল আগত মো. সালামকে (২৬) চ্যালেঞ্জ করলে সে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশী চালিয়ে তার হাতে থাকা বালতির ভিতরে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রঙ্গের ০৪ কার্ট অর্থাৎ ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াব মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।