সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: উদ্ধারকাজ পরিদর্শনে এমপি মান্নান

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: উদ্ধারকাজ পরিদর্শনে এমপি মান্নান

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত ও একই পরিবারের চারজন নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে নদীতে চলছে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশের সমন্বিত উদ্ধার অভিযান। অভিযানে ডুবে যাওয়া ট্রলার ও দুটি গরু উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন একই পরিবারের চারজন।

বৃহস্পতিবার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করে। এ সময় স্থানীয় লোকজনও উদ্ধার কাজে সহযোগিতা করেন।

শুক্রবার দুর্ঘটনাস্থলে চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি উদ্ধার তৎপরতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 

এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান দুর্ঘটনায় নিহত নারীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিখোঁজদের স্বজনরা দ্রুত তাদের সন্ধান পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থলের পরিবেশ। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে নিখোঁজ চারজনকে দ্রুত শনাক্ত ও নিরাপদে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর দাবি জানিয়েছেন তারা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো।