কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বোরহান উদ্দিন (৭৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী সুজন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে বোরহান উদ্দিনকে রাত সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

সুজন আহমেদ জানান, বোরহান উদ্দিনের কয়েদি নম্বর ২৯১১/এ।

তার বাড়ি কিশোরগঞ্জের সদর থানার কাটিয়াচরে। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।