কুষ্টিয়ায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রতিকি ছবি

কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবারের দাবি, সকালে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এসময় মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে (দেশীয় অস্ত্র) ফালা ছুড়ে মারা হয়। ফালাটি হালিমের গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার-বকুল গ্রুপের সঙ্গে ইউসুফ মেম্বার-মেহেদী গ্রুপের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে দফায়-দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার জের ধরে শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ফালার আঘাতে নিহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।