লক্ষ্মীপুরে ১৪৭৪ কেন্দ্রে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় এ ক্যাম্পেইনের আওতায় মোট ৭৭ হাজার ৭৬০ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
লক্ষ্যমাত্রা অর্জনে জেলার বিভিন্ন এলাকায় মোট ৬টি স্থায়ী ও ১ হাজার ৪৭৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
জেলা সদর হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সদর হাসপাতালে শিশুদের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
এ সময় সিভিল সার্জন অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের হাম-রুবেলার টিকা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।