ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে গিলকে নিয়ে শঙ্কা
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনে চোট পেলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডের দুই দিন আগে নেটে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ সিরাজের একটি বলে ডান কনুইয়ে আঘাত পান তিনি। এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি ভারতের ওয়ানডে অধিনায়ক।
ঘটনার পরপরই গিলকে ব্যথায় ডান কনুই চেপে ধরে থাকতে দেখা যায়। সিরাজ এগিয়ে এসে সতীর্থের খোঁজ নেন। পরে ফিজিওর সঙ্গে নেট ছাড়েন গিল। অনুশীলন মাঠের পাশে রাখা কুলার বক্সের ওপর বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি।
প্রথমে ফিজিও তার কাঁধ ও হাতের নড়াচড়া পরীক্ষা করেন। এরপর কনুইয়ে বরফ দেওয়া হয়। প্রায় ২০ মিনিট বরফ রাখার পর কনুইয়ে প্লাস্টারও লাগানো হয়। গিলের পাশে কিছু সময় ছিলেন সিরাজ। পরে রোহিত শর্মা, বিরাট কোহলি ও গুরনুর ব্রারও এসে তার সঙ্গে কথা বলেন।
চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ মাঠের বাইরে বসে থাকলেও পরে গিলকে কিছুটা স্বাভাবিক দেখা যায়। যশস্বী জয়সওয়ালের সঙ্গে হাসিমুখে কথা বলেন তিনি। এমনকি ডান হাত সোজা রেখে বাঁ কনুই দিয়ে শট খেলার ভঙ্গিও করেন। তবে এরপরও তাকে আর ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি।
আঘাত পাওয়ার এক ঘণ্টারও বেশি সময় পর ফিজিও আবার গিলের কনুইয়ে বরফ দেন। পরে আরও একবার তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা পর অনুশীলন শেষ হওয়ার দিকে উঠে দাঁড়ান গিল। নিজের ব্যাট ও প্যাড নিজেই গুছিয়ে নেন তিনি।
এখন পর্যন্ত চোটের মাত্রা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে ঘটনাটি ভারতের জন্য স্বস্তির নয়। রোববার তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।