সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
প্রতিকী ছবি
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান সবুজ (৩০) ও সোহান হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ ও সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত মেহেদী হাসান সবুজ জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস ও কামরুল ইসলামসহ কয়েকজন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে মেহেদী হাসান সবুজ মোটরসাইকেলযোগে কুমিরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা ওভারব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
অন্যদিকে, শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নামে আরেক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিম নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত সোহান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুর হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক সোহান হোসেন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।