নারী হকিতে হার, অ্যাথলেটিক্সে বিদায়
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে আজ বাংলাদেশের দিন ভালো যায়নি। সকালে নারী হকিতে চাইনিজ তাইপের কাছে হেরেছে। লং জাম্পার স্বপ্নার নিজের সেরা টাইমিং করেও ১৬ জনের মধ্যে ১৫তম হয়েছেন। বাংলাদেশের দুই সার্ফারের পথচলাও শেষ হয়েছে।
হকিতে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটে চাইনিজ তাইপের হয়ে গোল করেন হুয়াং ইউ-টিং। তবে দ্রুতই ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশের মেয়েরা। ১৯ মিনিটে কনা আক্তার গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। এরপর ২৪ মিনিটে আবারও গোল করেন কনা। তাতে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৪৫ মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এর চার মিনিট পর, আবারও গোল করে চাইনিজ তাইপে। হুয়াং ইউ-টিংয়ের দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাইনিজ তাইপে।
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি চতুর্থ হার। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল দলটি। পাঁচ ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ নারী হকি দল। ২ অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে নবম স্থানের জন্য খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের পুরুষ এবং মহিলা বিভাগের দুজন খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডে অংশ নেন। ফাতেমা খাতুন দুর্ভাগ্যবশত দ্বিতীয় রাউন্ড থেকেই ড্রপ আউট হন। কিন্তু পুরুষ বিভাগে মোহাম্মদ মান্নান ২৫ মিনিটের খেলার মধ্যে প্রায় ২৪ মিনিটই লিডিং পজিশনে ছিলেন। অপ্রত্যাশিতভাবে শেষ মিনিটের ঢেউটি তার বিপরীত দিকে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জনসন থিনের পাশে সরে যায়। শেষ মিনিটে এক পয়েন্টের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের জনসন থিন সুযোগটি কাজে লাগিয়ে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। মান্নান ড্রপ আউট হন।
বাংলাদেশের নারী অ্যাথলেট স্বপ্না খাতুন ৫.৬৯ মিটার লাফিয়ে নিজের সেরা টাইমিং করেন লং জাম্পে। এই ইভেন্টে হিট না হওয়ায় সরাসরি ফাইনাল হয়েছে। ১৬ জনের মধ্যে ১৫ তম হয়ে শেষ করেছেন স্বপ্না।