বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পহেলা বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে। সে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। আহত পার্থ বড়ুয়া (৭) একই এলাকার উদয়ন বড়ুয়ার ছেলে এবং তীর্থ বড়ুয়া (৫) ছোটন বড়ুয়ার ছেলে।

তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই-বোন। পার্থ ও তীর্থ একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিল পহেলা বড়ুয়া। সঙ্গে ছিল পার্থ ও তীর্থ।

হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই পহেলার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত পার্থ ও তীর্থকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তীর্থ বড়ুয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পার্থ বড়ুয়াকে নগরের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, সন্ধ্যার পর দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই বড়ুয়া পাড়ায় নেমে আসে শোকের ছায়া। যে শিশুটি বাবার নতুন মোটরসাইকেলে চড়ে কিছুটা সময় ঘুরে আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, সেই পহেলা ফিরল নিথর দেহ হয়ে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আহমেদ বলেন, নন্দন বড়ুয়া নতুন বাইকে করে মেয়ে ও দুই ভাতিজাকে নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলেন। এসময় পাচুরিয়ামুখী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক ট্রাকটি আটক করে কালারপুল পুলিশ ফাঁড়িতে নিয়ে জব্দ করা হয়। ট্রাকটির চালক মো. ইসমাইলকেও আটক করা হয়েছে।

কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে ফাঁড়িতে জব্দ করা হয়েছে। চালক মো. ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।