হরমুজ প্রণালি থেকে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

সংগৃহীত ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন চালকবিহীন ড্রোন আটক করার দাবি করেছে। প্রথমে ড্রোনটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে এটি উন্নত প্রযুক্তির ‘এমকে ১৮ মড ২ কিংফিশ’ ড্রোন হিসেবে শনাক্ত করা হয়েছে।

  

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইআরজিসির মুখপাত্র সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি নিশ্চিত করেন যে, তাদের নৌবাহিনী আমেরিকার এই স্বয়ংক্রিয় ডুবোযানটি জব্দ করেছে। সংস্থাটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, এটি হরমুজ প্রণালিতে সক্রিয় মার্কিন বাহিনীর দ্বিতীয় কোনো সাবমেরিন বা ড্রোন যা তারা নিয়ন্ত্রণে এনেছে। আইআরজিসি জানিয়েছে, তাদের সামরিক গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধ কৌশলকে কাজে লাগিয়ে চালানো এক জটিল এবং সমন্বিত অভিযানের মাধ্যমে এই গোপন চালকবিহীন যানটিকে ফাঁদে ফেলা হয়।  

আইআরজিসি এই আটককৃত প্রযুক্তির ড্রোনটিকে তাদের সামরিক প্রযুক্তি ও বুদ্ধিমত্তার এক বিশেষ বিজয় হিসেবে অ্যাখ্যা দিয়েছে।

জব্দকৃত ডুবোযানটিতে থাকা গোপন ডেটা উদ্ধার এবং সিস্টেম বিশ্লেষণের জন্য এটি ইতিমধ্যেই বিশেষ সামরিক প্রযুক্তিবিদদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে নৌবাহিনী স্পষ্ট বার্তা দিয়ে পুনরায় সতর্ক করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধ, অননুমোদিত ও বিপজ্জনক যেকোনো সামুদ্রিক যাতায়াতের বিরুদ্ধে তাদের এমন কঠোর ও নিরলস ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।