নির্ধারিত মূল্য মুছে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ফাইল ছবি
দিনাজপুরের বোচাগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের গায়ে থাকা নির্ধারিত মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুলাল স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানটি থেকে ১১৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে আরও পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বোচাগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, দুলাল স্টোরে বোতলজাত সয়াবিন তেলের গায়ে থাকা নির্ধারিত মূল্য মুছে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানে থাকা ১১৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অন্যান্য পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে আরও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের উপস্থিতিতে জব্দ করা সয়াবিন তেল উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দিনাজপুর পুলিশ লাইনের একটি দল সহযোগিতা করে।
সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।