শিক্ষককে হুমকি, কিশোর গ্যাং লিডার গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডেভিড জিহাদ নামে কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিহাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়াসহ কিশোর গ্যাং সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের একটি দল। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন সহকর্মী নাজিমকে সাথে নিয়ে একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে ওই শিক্ষার্থীর সহপাঠী ও ঘটনায় জড়িত আয়ান নামের আরেকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এসময় ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক জামাল উদ্দিনের মোবাইলে ফোন করে নিজেকে জিহাদ পরিচয় দিয়ে তাকেসহ তার পরিবার ও সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
এরপর গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায়ও অভিযুক্ত ডেভিড জিহাদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে। পরে নজরুলের পরিবার বাদী হয়ে মামলা করেন। এই মামলার সূত্র ধরে জিহাদকে গ্রেফতার করে পুলিশ। তবে অন্য অভিযুক্তরা এখনো পলাতক।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, গ্রেফতার জিহাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে।