দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে : সিপিবি

দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে : সিপিবি

ছবি: সংগৃহীত

 

মিরপুর-১-এ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার দুপুরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর-১-এ ভাঙচুর ও লুণ্ঠনের শিকার রাড্ডা ক্লিনিকের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সদস্য ও মিরপুরের নেতা মো. রিয়াজউদ্দিন।

সমাবেশে বক্তারা রাড্ডা ক্লিনিক অবিলম্বে পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং এর পেছনের ক্রীড়ানকদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।