শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ
প্রতিকি ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে দেওয়া একটি পোস্টে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রাব্বি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
জানা যায়, মৃন্ময় দাস নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন রাব্বি। বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। পরে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে রাব্বি হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাব্বি হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।