চট্টগ্রামে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন জানান, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নেন। পরে তিনি বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণের কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।