সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের চেঙ্গাইন-ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দক্ষিণ পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছোট বোন মিলি আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন বলেন, মরদেহের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ শহরের দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।