খুব সহজে ঘরেই তৈরি করুন টার্কিশ শিট প্যান কাবাব
ছবিঃ সংগৃহীত।
টার্কিশ কাবাব মানেই কি অনেক ঝামেলার রান্না? একেবারেই নয়।নরম, জুসি আর মশলার দারুণ ঘ্রাণে ভরা টার্কিশ শিট প্যান কাবাব তৈরি করতে পারেন ঘরেই। তাও খুব বেশি সময় বা জটিল আয়োজন ছাড়াই। কিমা, মসলা আর কয়েকটি সহজ উপকরণ একসঙ্গে মেখে ট্রেতে ছড়িয়ে বেক করলেই তৈরি হবে বাইরের দিকে হালকা মচমচে, ভেতরে সফট ও রসালো কাবাব। সঙ্গে সালাদ, টক দইয়ের ডিপ কিংবা গরম রুটির আয়োজন থাকলে জমে যাবে একেবারে রেস্তোরাঁর মতো খাবার।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে টার্কিশ শিট প্যান কাবাব তৈরি করবেন-
উপকরণ
গরু, খাসি বা মুরগির মিহি কিমা ১ কেজি
পেঁয়াজ কুচি ১কাপ (মিহি করে)
ক্যাপসিকাম কুচি ১টি বড় সাইজ
ধনেপাতা কুচি ৭-৮ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি স্বাদমতো
রসুন বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
মাখন বা ঘি ২-৩ টেবিল চামচ
চিলি ফ্লেকস ২ চামচ
পাপরিকা ২ চামচ
জিরা গুঁড়া ২ চামচ
গরম মসলা গুঁড়া ২ চামচ
লাল মরিচ গুঁড়া আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বড় বাটিতে কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনেপাতা ও সব মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন।
এবার একটি নন-স্টিক ফ্রাইপ্যানে অল্প তেল বা মাখন ব্রাশ করে নিন। মাখানো কিমার মিশ্রণটি প্যানে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে পুরো তলায় সমানভাবে ছড়িয়ে দিন। স্তরটি খুব বেশি মোটা না রাখাই ভালো, তাহলে ভেতর পর্যন্ত সমানভাবে রান্না হবে।
কিমা সমান করে বিছিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে ওপরে চারকোনা বা লম্বাটে আকারে হালকা গভীর দাগ কেটে দিন। এই স্কোর করা দাগের কারণে তাপ ভেতরে সহজে পৌঁছাবে এবং রান্না হয়ে গেলে কাবাব ভাগ করাও সহজ হবে।
এরপর প্যানটি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিন। মাঝারি থেকে কম আঁচে প্রায় ১০ থেকে ১২ মিনিট রান্না করুন। এই সময়ে কিমা থেকে কিছুটা পানি বের হবে এবং মাংস সেই পানিতেই ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে।
মাংস সিদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে দিন। এবার আঁচ একটু বাড়িয়ে প্যানে জমে থাকা অতিরিক্ত পানি শুকিয়ে নিন। কাবাবের নিচের অংশ সোনালি রঙের হয়ে হালকা পোড়া পোড়া ভাব এলে বুঝবেন, ভাজা হয়েছে।
কাবাব নরম ও জুসি রাখতে চাইলে এক পিঠই ভালোভাবে ভেজে নিতে পারেন। তবে দুই পিঠে হালকা ভাজা পছন্দ হলে একটি বড় প্লেট প্যানের ওপর চেপে ধরে সাবধানে প্যানটি উল্টে দিন। এরপর কাবাবটি আবার প্যানে ফিরিয়ে দিয়ে অপর পিঠটিও আরও ৩ থেকে ৪ মিনিট হালকা ভেজে নিন। সবশেষে স্কোর করা দাগ বরাবর কাবাব কেটে গরম গরম সালাদ বা গরম রুটির সঙ্গে পরিবেশন করুন।