বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি

বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি

ফাইল ছবি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনা করে কোম্পানিটির প্রস্তাবিত পরিচালনা পর্ষদের বিষয়টিতে অনাপত্তি দেয় কমিশন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) বিএসইসির ১০৩১তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।  বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত নয় সদস্যের পর্ষদে তিনজন স্পন্সর পরিচালক থাকবেন। তারা হলেন, এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এছাড়া একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে।

পর্ষদে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক থেকে একজন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি চারজন স্বতন্ত্র পরিচালক থাকবেন। তাদের মধ্যে তিনজনকে নতুন করে নিয়োগ দেওয়া হবে। চার স্বতন্ত্র পরিচালকের একজন নারী হবেন এবং তাকে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর শর্ত অনুযায়ী নিয়োগ দিতে হবে।

বিএসইসি জানিয়েছে, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক দিক বিবেচনা করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন পর্ষদ গঠনের সঙ্গে মামলার বিষয়টিও যুক্ত রয়েছে। কোম্পানি মামলা প্রত্যাহার করলে এর আগে জারি করা দুটি সংশ্লিষ্ট আদেশ প্রত্যাহার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর একটি আদেশ জারি হয়েছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং অন্যটি ২০২৬ সালের ১৫ জানুয়ারি।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানি মামলা প্রত্যাহার করলে ওই দুটি আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। ফলে মামলা প্রত্যাহার ও নতুন পর্ষদ গঠনের বিষয়টি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা কাঠামোয় পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।