পীরগাছায় নকল সয়াবিনের কারখানা, ব্যবসায়ীর কারাদণ্ড
ফাইল ছবি
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল, নকল লেবেল, তেল তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মশিউর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়া এলাকায় মশিউর রহমানের দোতলা বাড়িতে এ অভিযান চালানো হয়। তিনি ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
মশিউর রহমান পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটির নিচতলার তিনটি কক্ষ থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ কার্টন নকল সয়াবিন তেল, খালি বোতল, নকল লেবেল, তেল তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা কিছু মালামাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে অভিযানের সময় প্রশাসনের উপস্থিতিতে ১০ থেকে ১২ ব্যারেল তেল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সয়াবিন তেল, তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযুক্তকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তেল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার কেউ তাদের অগোচরে কিছু তেল নিয়ে যেতে পারেন।