শিক্ষার্থীদেরকে যুগের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে: পরিবেশ মন্ত্রী
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শিশুর প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকে। একজন শিশু কেমন হবে, তা নির্ভর করে অভিভাবকদের ওপর।
তিনি বলেন, যুগের চাহিদা অনুযায়ী সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের সন্তানদের তৈরি করতে হবে। সে কারণে অভিভাবকদেরও মানসিকতার পরিবর্তন করতে হবে।
বুধবার ফেনীতে ‘দৈনিক ফেনীর সময়’ ও ‘আলোকিত ফেনী’ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, পরিবারের প্রাথমিক শিক্ষার পর শিক্ষার্থীদের গড়ে তুলতে ভূমিকা রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ সময় তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে বড় হতে সংশ্লিষ্টদের সহায়তা করতে হবে। পাশাপাশি তারা যেন কিশোর গ্যাং, মাদক এসবে না জড়িয়ে পড়ে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গাছের চার বিতরণ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক ও ‘আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন— সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, জেলা জজ কোর্টের পিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাভোকেট মেজবাহ উদ্দিন খান ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার প্রমুখ।