বগুড়ায় শ্বশুরবাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে জামাই নিহত
প্রতিকি ছবি
বগুড়ায় পারিবারিক কলহের জেরে রাকিবুল হাসান বকুল (৩৮) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিবুল হাসান সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাকিবুল ঝোপগাড়ী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি তাঁর শ্বশুরকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শ্বশুর আহত হন। এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠলে একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলের গলায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ি ও সদর থানার একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে