সমুদ্রবন্দরে নেই সংকেত, জেলেদের সতর্ক থাকার পরামর্শ
ফাইল ছবি
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব ধরনের সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়ার পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলেদের সতর্কতার সঙ্গে সাগরে চলাচল ও মাছ ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৬টায় লঘুচাপটি উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। পরবর্তী সময়ে এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে সংকেত না থাকলেও আবহাওয়ার পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলেদের সতর্কতার সঙ্গে সাগরে চলাচল এবং মাছ ধরার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হান্নান।