প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

 

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর হাজীর হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন।

শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত ২৮ সেপ্টেম্বর ধর্মপুর হাজীর হাট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লার ওপর একদল যুবক হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও জ্যেষ্ঠ শিক্ষক তোফাজ্জল হোসেন মঞ্জু বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। হামলার পেছনে টাকা লেনদেনসংক্রান্ত কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা দুঃখজনক।