মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর পাশে থাকবে জেলা পরিষদ: প্রিন্স
ছবি: সংগৃহীত
অসচ্ছল ব্যক্তি, মানবিক বিপর্যয়ের শিকার ও দুস্থ মানুষের সহায়তায় ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৬৪ জনের মধ্যে মোট ৬ লাখ ২৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ময়মনসিংহ জেলা পরিষদ অবিচল থাকবে।
তিনি বলেন, একজন অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্তব্য। অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসা বা জরুরি প্রয়োজন মেটাতে অসহায় হয়ে না পড়েন, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
প্রিন্স বলেন, ময়মনসিংহ জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। জনগণের অর্থ জনগণের কল্যাণে-এই নীতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি অসচ্ছল, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও জেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ফ্যাসিবাদের ধ্বংসের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে দেশ পুনর্গঠনের লক্ষ্যে আর মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা ও সৃষ্টি করা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধ বিবেচনায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তারেক রহমানের সরকার। দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে, যাতে মানুষের দারিদ্র্য ও অসহায়ত্ব কমিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, হিসাবরক্ষক তোসলিম আহমেদ।
চেক গ্রহণকারীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা অসচ্ছল এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।