আজ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গুণতে হবে টাকা, কাদের জন্য এই নিয়ম?
ছবি: সংগৃহীত
আজ ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের নিয়মে বড় পরিবর্তন আসছে। নির্দিষ্ট কিছু ব্যবসায়িক মেসেজের জন্য কোম্পানিগুলোকে প্রতি মেসেজে প্রায় ১৮ পয়সা পর্যন্ত চার্জ দিতে হবে। তবে মেটার এই নতুন নিয়মের ফলে সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর কোনো প্রভাব পড়বে না।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বর্তমানে বহু ছোট-বড় কোম্পানি গ্রাহকদের অর্ডার আপডেট ও জরুরি তথ্য পাঠাতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। এবার এই বিজনেস মেসেজিং সিস্টেমে বড় পরিবর্তন আনল মূল প্রতিষ্ঠান মেটা।
এত দিন হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে কোনো গ্রাহক মেসেজ পাঠানোর পর ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু রিপ্লাই এবং ইউটিলিটি মেসেজ (Utility Messages) সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারত। এর মধ্যে অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেটের মতো মেসেজ অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু ১ অক্টোবর থেকে এই নিয়মে পরিবর্তন এসেছে। এখন থেকে এই ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যেও নির্দিষ্ট ইউটিলিটি মেসেজ পাঠানোর জন্য চার্জ কাটা হবে। তবে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে প্রতিটি বিজনেস ফোন নম্বরের জন্য প্রতি মাসে প্রথম ১০০০টি সার্ভিস মেসেজ বিনামূল্যে পাওয়ার সুবিধা বহাল রয়েছে। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত মেসেজের জন্য মূল্য পরিশোধ করতে হবে।
কারা এই ১৪ পয়সা চার্জের আওতায় পড়বেন?
এই নতুন চার্জ কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য, সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। ব্যাংক, ই-কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন স্টার্টআপ যারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অর্ডার স্ট্যাটাস, ডেলিভারি আপডেট এবং ওটিপি (OTP)-র মতো মেসেজ এই ব্যবস্থার আওতাভুক্ত। তবে সাধারণ গ্রাহকদের কোনো ব্যবসায়িক অ্যাকাউন্টে মেসেজ পাঠাতে বা তাদের কাছ থেকে এই ধরনের মেসেজ পেতে কোনো অর্থ খরচ করতে হবে না।
খরচ কত?
ইউটিলিটি মেসেজ (Utility Messages): মেটা এই ধরনের প্রতি ডেলিভার হওয়া মেসেজের জন্য যে চার্জ নির্ধারণ করেছে, তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়ে বাংলাদেশি মুদ্রায় তার মোট খরচ দাঁড়ায় প্রায় ১৮ পয়সা প্রতি মেসেজ।
মার্কেটিং মেসেজ (Marketing Messages): সেল অ্যানাউন্সমেন্ট বা প্রমোশনাল অফারের মতো বিজ্ঞাপনী মেসেজের ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় প্রতিটিতে প্রায় ১ টাকা ১০ পয়সা চার্জ প্রযোজ্য।
অথেন্টিকেশন মেসেজ (Authentication Messages): ওটিপি (OTP)-র মতো মেসেজের ক্ষেত্রেও বাংলাদেশি মুদ্রায় প্রতিটিতে প্রায় ১৫ পয়সা (ভ্যাটসহ) চার্জ নেওয়া হবে।
সাধারণ ব্যবহারকারীদের ওপর কি কোনো প্রভাব পড়বে?
একেবারেই না। আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে আপনার দৈনন্দিন ব্যবহারে কোনো পরিবর্তন আসবে না। বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে চ্যাট করতে কিংবা কোনো ব্যবসায়িক অ্যাকাউন্টে মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না। এছাড়া ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ অ্যাড (Click-to-WhatsApp Ads) বা ফেসবুক পেজের কল-টু-অ্যাকশন বাটন থেকে আসা মেসেজের ক্ষেত্রে পূর্বের মতো ৭২ ঘণ্টার ফ্রি উইন্ডো সুবিধা বহাল রাখা হয়েছে।