স্বামী জহিরের সঙ্গে জুটি সোনাক্ষীর, আসছে ‘তু হ্যায় মেরি কিরণ’

স্বামী জহিরের সঙ্গে জুটি সোনাক্ষীর, আসছে ‘তু হ্যায় মেরি কিরণ’

ফাইল ছবি

বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বলিপাড়ার জনপ্রিয় জুটি সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। প্রেম, রহস্য ও দারুণ রোমাঞ্চের মেলবন্ধনে তৈরি তাদের নতুন সিনেমার নাম ‘তু হ্যায় মেরি কিরণ’।

সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখও। 

করণ রাওয়ালের গল্প ও পরিচালনায় নির্মিত এই রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমাটি আগামী ২৩ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পোস্টারে ভালোবাসা ও রহস্যের এক বার্তা ফুটিয়ে তোলা হলেও ছবির মূল গল্প নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতারা। 

তবে সিনেমার নাম নজর কেড়েছে সিনেপ্রেমীদের। নব্বইয়ের দশকের কালজয়ী রোমান্টিক থ্রিলার ‘ডর’-এর জনপ্রিয় গান ‘তু হ্যায় মেরি কিরণ’-এর সঙ্গেই মূলত মিল রয়েছে এই নামের। শাহরুখ খান, জুহি চাওলা ও সানি দেওল অভিনীত সেই ছবিতে জুহি চাওলার চরিত্রের নাম ছিল ‘কিরণ’। পুরোনো সেই বিখ্যাত গানের কথা স্মরণে আনলেও নির্মাতারা জানিয়েছেন, ‘তু হ্যায় মেরি কিরণ’-এর গল্প ও পরিবেশনা একেবারে নতুন ও ভিন্নধর্মী হতে চলেছে।

বাস্তব জীবনের জনপ্রিয় এই জুটির অনস্ক্রিন রসায়ন দেখতে পাওয়া যাবে বলেই সিনেমাটি নিয়ে অনুরাগীদের উন্মাদনা একটু বেশি। দীর্ঘদিনের পরিচয় ও প্রেম শেষে ২০২৪ সালের জুনে বিয়ের পিঁড়িতে বসেন সোনাক্ষী ও জহির। বিয়ের পর প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেদের সুন্দর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি। এর আগে ‘ডাবল এক্সএল’ সিনেমা এবং ২০২২ সালের ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। পেশাগত জায়গায় সম্প্রতি প্রাইম ভিডিওর ‘সিস্টেম’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী, আর জহিরকে শেষ দেখা গিয়েছিল ‘রসুলান’ সিনেমায়।

ভিশাল রানা প্রযোজিত ও এশেলন প্রডাকশনসের ব্যানারে তৈরি এই সিনেমায় বাস্তব জীবনের এই দম্পতি রূপালী পর্দায় কেমন রোমাঞ্চ ছড়ান, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে, আর সব জল্পনার অবসান ঘটবে আগামী ২৩ অক্টোবর।