ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

সংগৃহীত

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় পিপলস্ ইন্সুরেন্স পিএলসি সভাকক্ষে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং অনুষ্ঠানের আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীরা প্রতিনিয়ত নদী ভাঙ্গনের শিকার, প্রতিনিয়ত ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া, জলবায়ুর অভিঘাত, জলোচ্ছ্বাস আর বহুমুখী দুর্যোগের সঙ্গে বাস করার দুঃখদুর্দশার পাশাপাশি চিকিৎসা-শিক্ষা-বাসস্থানসহ মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান। 

উল্লেখ্য, দেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারী উপজেলার ব্রক্ষপুত্র নদের চরের লক্ষাধিক জনগোষ্ঠী প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার। নদীগুলোর তীর ঘেঁষে গড়ে উঠা জন বসতিতে অবহেলিত মানুষগুলোর বেশিরভাগই কৃষিজীবী মৎস্যজীবী। তারা একদিকে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে তেমন কোনো ক্লিনিক বা স্বাস্থ্য সুবিধা না থাকায় শারীরিক অসুস্থতা নিয়ে সবচেয়ে বেশি দুঃশ্চিন্তায় থাকেন। এই চরাঞ্চলের মানুষের জন্য রাজিবপুর কিংবা চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও দুর্গম এলাকা হওয়ায় কয়েক ঘণ্টা জরুরি রোগী নিয়ে নৌকা পাড়ি দিয়ে খরস্রোতা ব্রক্ষপুত্র নদী পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছানো অনেক চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে প্রসূতি মা ও শিশু, হার্ট অ্যাটাকের রুগী, স্ট্রোকের রোগীরা বাড়িতে থাকতেই কিংবা নদীতে নৌকায় কিংবা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় ।

চরগুলো অনেক ভেতরে, দুর্গম, যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, নৌকাও ঠিকমত পাওয়া যায় না। দুর্গম অঞ্চল ও যাতায়াত সমস্যার কারণে চরের রোগীরা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারে না। তাই ব্রক্ষপুত্র চরে বসবাসরত অবহেলিত মানুষের জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালে পোঁছে দেওয়ার লক্ষ্যে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্ট এর সাইনিং সম্পন্ন হয়েছে। সার্ভিসটি অক্টোবর মাসেই উদ্বোধন করার পরিকল্পনা করা হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর আহমেদ পাটোয়ারী, নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, নির্বাহী সদস্য সালেহ আহমদ মুকুল, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান, ডিপ্লোমেট পত্রিকার পাবলিশার নাজিনুর রহমান, নটরডেমিয়ান আব্দুল হান্নান, শুভংকর, বোট ম্যানুফ্যাকচার ফাইবার গ্লাস-এর এমডি আমিনুল ইসলাম প্রমুখ।