রেসিপি : পালং শাকের প্যানকেক
ছবিঃ সংগৃহীত।
অনেক বাচ্চাই শাক-সবজি খেতে চায় না। তাদের জন্য খাবারে সবুজ শাকসবজি যোগ করার সহজ ও মজার একটি উপায় হতে পারে এই নরম পালং শাকের প্যানকেক।পাকা কলা আর পালং শাকের পুষ্টিগুণে তৈরি এই প্যানকেকটি নাশতা বা হালকা খাবার হিসাবে বেশ উপযোগী। নরম ও সহজে খাওয়া যায় বলে বয়স অনুযায়ী শিশুর জন্য এটি সুন্দরভাবে পরিবেশন করা যায়।
উপকরণ
পালং শাক ১ কাপ, গমের আটা আধা কাপ, ডিম ১টি, দুধ ¼ কাপ, পাকা কলা অর্ধ্বেকটি, জিরার গুঁড়ো এক চিমটি এবং অল্প ঘি।
প্রণালী
প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে সামান্য পানিতে ২–৩ মিনিট সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা করে পালং শাক ও পাকা কলা একসঙ্গে মিহি করে পেস্ট তৈরি করুন।
এবার একটি পাত্রে গমের আটা, ডিম, দুধ, পালং শাক ও কলার পেস্ট এবং এক চিমটি জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাটারটি খুব পাতলা বা খুব ঘন না রেখে এমনভাবে তৈরি করুন, যাতে সহজে তাওয়ায় ঢালা যায়।
নন-স্টিক তাওয়ায় অল্প ঘি মাখিয়ে কম আঁচে ব্যাটার ঢেলে ছোট গোল প্যানকেক তৈরি করুন। এক পাশ ভালোভাবে জমে গেলে সাবধানে উল্টে অন্য পাশটিও নরম করে সেঁকে নিন। শিশুর জন্য প্যানকেকটি বেশি শক্ত বা শুকনো করবেন না।
প্যানকেক তৈরি হয়ে গেলে শিশুর বয়স ও খাওয়ার দক্ষতা অনুযায়ী ছোট নরম টুকরো করে পরিবেশন করুন।
১ বছরের আগে আলাদা করে লবণ বা চিনি দেওয়ার প্রয়োজন নেই। পাকা কলার প্রাকৃতিক মিষ্টিই প্যানকেকের জন্য যথেষ্ট। শিশুকে খাওয়ানোর সময় প্যানকেক নরম করে তৈরি করুন এবং তার বয়স ও খাওয়ার দক্ষতা অনুযায়ী উপযুক্ত আকারে পরিবেশন করুন।