সুন্দরগঞ্জে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের আহ্বান
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের বিস্তার ঠেকাতে পরিবার থেকে সমাজ পর্যন্ত সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, শুধু অভিযান ও গ্রেফতার নয়, তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হাসানগঞ্জ বাজারে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন এ সভার আয়োজন করে।
বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাদকবিরোধী সচেতনতা জোরদার করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান নজমুল হুদা এবং বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম।
স্বাগত বক্তব্য দেন হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি আ. রহমান শিপন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। সাংবাদিক রিয়াদ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তা, হাসানগঞ্জ বাজারের ব্যবসায়ী আবু হানিফ মিয়া, এম জে আই মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার, নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।