কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে কুড়িগ্রামে এখন প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। মাটি, খড় ও বাঁশের কাঠামোয় ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন কারিগর ও মালাকাররা।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকায় প্রতিমা তৈরির ব্যস্ততা সবচেয়ে বেশি। জেলার নয় উপজেলা ছাড়াও রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে ভক্তরা প্রতিমা তৈরি ও অর্ডার দিতে এখানে আসছেন। সদর উপজেলার কাঁঠালবাড়ী, দাশেরহাট, ঘোগাদহসহ বিভিন্ন এলাকাতেও পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ।
কারিগররা জানান, গত বছরের তুলনায় এবার প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে। সময় স্বল্পতা ও কাজের চাপের কারণে চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কাঠামোর উচ্চতা, নকশা ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমা তৈরিতে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। শ্রমিক ও প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় এবার প্রতিমার দামও কিছুটা বেড়েছে।
বৈদ্যের বাজারের কারিগর অতুল চন্দ্র বলেন, ‘এবার প্রতিমার চাহিদা অনেক বেশি। দিন-রাত কাজ করেও সময় কুলানো যাচ্ছে না। দূরদূরান্ত থেকে অনেকে প্রতিমা নিতে ও অর্ডার দিতে আসছেন। অল্প সময়ের মধ্যে অর্ডার করা প্রতিমাগুলো শেষ করে সরবরাহ করতে হবে।’
এদিকে কোথাও প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কোথাও চলছে রং ও সাজসজ্জার কাজ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিকসহ সহগামী প্রতিমাগুলোর কাজ প্রায় শেষের পথে। মূল প্রতিমা দেবী দুর্গার কাজও দ্রুত এগিয়ে চলছে। শেষ মুহূর্তের কাজ শেষ করতে কারিগর ও মালাকারদের ব্যস্ততা এখন তুঙ্গে।
দুর্গাপূজাকে ঘিরে জেলা শহরের মার্কেট ও বিপণিবিতানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় কাপড়ের দাম বেশি হলেও ক্রেতা সমাগম ভালো। ক্রেতারা বলছেন, পূজার আনন্দকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করছেন তারা।
এবার জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সুভাস চন্দ্র সরকার জানান, গত বছর জেলায় ৫৩৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হয়।
পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর কুড়িগ্রাম জেলায় ৫৫২টিরও বেশি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব।