টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

প্রতিকি ছবি

গাজীপুরের টঙ্গী পাগাড় সোসাইটি মাঠ এলাকায় আজ শনিবার সন্ধ্যায় ঝুটের গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী জানান, পাগাড় সোসাইটি মাঠ এলাকায় শাহিনের ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। এরপর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, এতে পাশের একটি অটোরিকশার গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান এবং আশিক নামে এক ব্যক্তির বাড়ির কিছু অংশ পুড়ে যায়।

তবে প্রথমে আগুন লাগার খবর পেয়ে পাশের উইনডি কারখানার আটটি পাইপ দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। 

উইনডি কারখানার কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের কারখানার লোকজন আগুন নেভাতে শুরু করেন। অনেকটাই নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস আসে। তা না হলে আশপাশ এলাকায় আগুন আরও ছড়িয়ে পড়ত। 

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহীন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।